ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। সীমান্তপারের গুলিতে এক শিশু আহত হওয়ার ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ঢাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনা হয়। সেখানে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিনা উস্কানিতে বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থী। এ ধরনের ঘটনা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলেও রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়।
বৈঠকে ভবিষ্যতে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলি বন্ধে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব নিতে এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষ ও দেশটির অভ্যন্তরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত যাই ঘটুক না কেন, তা যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকাকে কোনোভাবেই প্রভাবিত না করে—এ বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি গুলিবর্ষণের ঘটনায় আহত শিশু ও তার পরিবারের প্রতি মিয়ানমার সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন তিনি।

0 Comments