Ticker

6/recent/ticker-posts

দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ১৪


রাজবাড়ী প্রতিনিধি |  (BNN)

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শেষে রাজবাড়ী সদর হাসপাতালে তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু ১৪ জন এবং পুরুষ ৬ জন।

এ ঘটনায় ১৫টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সাত ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিও নদী থেকে তোলা হয়। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। স্থানীয়রা ও তৎপর উদ্ধারকর্মীর সহায়তা দিচ্ছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। নিহতদের পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রীসহ একটি বাস নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটেছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং অভিজ্ঞ ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”

দুর্ঘটনায় আহত ও জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে এক নারী ও এক শিশুর উদ্ধার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

Post a Comment

0 Comments

×
×