Ticker

6/recent/ticker-posts

সোনার দামে বড় পতন: ভরিতে কমল সাড়ে ৬ হাজার টাকা, নতুন দর কার্যকর

ঢাকা প্রতিনিধি  (BNN)

দেশের বাজারে সোনার দামে উল্লেখযোগ্য হ্রাসের ঘোষণা দিয়েছে (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়, যা গতদিন ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে দামের ওঠানামার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে পরবর্তীতে মূল্য সমন্বয়ের ফলে দামে ওঠানামা শুরু হয়। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৪৬৪ ডলারে, যা জানুয়ারির শেষ দিকে ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।

এর আগে ২৯ জানুয়ারি দেশের বাজারে এক ধাপে সোনার দাম ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে রেকর্ড গড়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়ায় প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকায়।

সাম্প্রতিক এই দরপতনের ফলে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments

×
×