Ticker

6/recent/ticker-posts

গোবিন্দাসী ইউনিয়নে তরুণ প্রার্থী রিফাত সরকার: উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি

টাঙ্গাইল প্রতিনিধি (BNN)

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ৪নং গোবিন্দাসী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা রিফাত সরকার। ইতোমধ্যে তার প্রচারণা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

বিলচাপড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া রিফাত সরকার পারিবারিকভাবে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার পিতা মো: আবুল কালাম সরকার একজন শিক্ষক ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। সেই ধারাবাহিকতায় রিফাত সরকারও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছেন।

ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণের পরিচয় দিয়ে আসছেন তিনি। বর্তমানে গোবিন্দাসী ইউনিয়ন শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সফলতার সঙ্গে ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন। তৃণমূল পর্যায়ে কর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতা তাকে জনপ্রিয় করে তুলেছে।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রিফাত সরকার। তিনি প্রাণরেখা সেচ্ছাসেবী সংগঠন, ভূয়াপুর-এর সাংগঠনিক সম্পাদক এবং কামিয়াব যুব সংঘ, বিলচাপড়া’র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

নির্বাচনী অঙ্গীকার হিসেবে রিফাত সরকার ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও বৈষম্যহীন এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে মাদক নির্মূল, অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট সংস্কার, এবং তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

রিফাত সরকার বলেন, “আমি বিলচাপড়া তথা ৭নং ওয়ার্ডের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। মানুষের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সকলের দোয়া ও সমর্থন পেলে এই ওয়ার্ডকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো।”

ইতোমধ্যে তার সমর্থনে পাড়া-মহল্লায় ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় ভোটারদের একাংশ মনে করছেন, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্বে এলে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হতে পারে।

Post a Comment

0 Comments

×
×