Ticker

6/recent/ticker-posts

গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি, নির্বাচন ও সংস্কারে ইতিবাচক অবস্থান

গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি, নির্বাচন ও সংস্কারে ইতিবাচক অবস্থান
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

আসন্ন জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছে দলটির নেতৃত্ব। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, গণভোট হলে দলটি ‘হ্যাঁ’ ভোট দেবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে কথা বলে আসছে। সংস্কারের প্রশ্নে আমরা সবার আগে অবস্থান নিয়েছি। সে কারণেই গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গুণগত সংস্কার নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে জাতীয় সংসদে নারীদের আসন সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন কাঠামোগত সংস্কারের প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি।

বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ এবং সম্ভাব্য সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Post a Comment

0 Comments

×
×