সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা, মানুষের ঢল
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল সম্পন্নের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। জানাজার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে মরদেহটি দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। এর আগেই আশপাশের সড়ক ও খোলা জায়গা মানুষের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে।
বিজ্ঞাপন
জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হন। এতে করে সংসদ ভবনের চারপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। নির্ধারিত জানাজার স্থানের বাইরে বিভিন্ন সড়ক ও ফুটপাথেও মানুষের অবস্থান লক্ষ্য করা গেছে।
ইতোমধ্যেই জানাজায় নিজের জন্য নির্ধারিত স্থানে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ ছাড়া ধর্ম উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও জানাজা প্রাঙ্গণে উপস্থিত হন।
বিজ্ঞাপন
জানাজায় অংশ নিতে আসা অনেকেই এটিকে একটি ঐতিহাসিক জানাজা বলে মন্তব্য করেন। তাদের ভাষ্য, জীবনে এমন বিশাল জনসমাগম তারা আগে কখনও দেখেননি। বিভিন্ন পেশার মানুষ পরিবার-পরিজন ও সন্তানদের সঙ্গে নিয়ে জানাজায় অংশ নেন। এ সময় উপস্থিত জনতার কণ্ঠে ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’—এমন স্লোগানও শোনা যায়।
বিএনএন.....................BNN

0 Comments