দমদমা সীমান্তে খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি, সীমান্তে চরম উত্তেজনা
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের দমদমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দমদমা ১২৬০ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিহত দুজন হলেন দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাহিদ (২২)। ঘটনার সময় তারা সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিবৃতিতে জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। বিজিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সীমান্তে এ ধরনের প্রাণহানির ঘটনা অনভিপ্রেত এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, আশিকুরের মরদেহ তার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। অপরদিকে মোশাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। দমদমা সীমান্ত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার অংশজুড়ে বিস্তৃত হলেও ঘটনাস্থলটি কোম্পানীগঞ্জ অংশের মধ্যে পড়ে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, দুই তরুণের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলমান।
ঘটনার পর দমদমা ও আশপাশের সীমান্ত এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরাপত্তা জোরদার এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিহত আহাদ মিয়ার মরদেহ দুদিন পর ফেরত দেয় বিএসএফ, যা সীমান্তে প্রাণহানির ধারাবাহিকতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিএনএন......................

0 Comments