Ticker

6/recent/ticker-posts

র‍্যাব বিলুপ্তির আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে মানবাধিকারভিত্তিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে, সিভিকাসসহ মোট ৯টি সংগঠন যৌথভাবে এ চিঠি পাঠায়। এতে তারা বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সামনে বর্তমানে নানা ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মনে করে, বর্তমান সময়টি মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের একটি বড় সুযোগ।

সংগঠনগুলোর মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। যদিও তার সরকারের পতনের পর এমন অভিযোগ কিছুটা কমেছে, তবুও অন্তর্বর্তী সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক, সাংবাদিকদের ওপর চাপ এবং ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে তারা উল্লেখ করেছে।

চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি একটি শক্তিশালী, স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো তাদের চিঠিতে আইন ও নীতিগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও তুলে ধরে। তাদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা আরও শক্তিশালী হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতাও নিশ্চিত করা সম্ভব হবে।

Post a Comment

0 Comments

×
×