স্কুলে ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে আর লটারির মাধ্যমে ভর্তি হবে না; পরিবর্তে সহজ ও স্বচ্ছ একটি পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করা হবে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় লটারি কোনো গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। বহুদিন ধরে গবেষণা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে ভর্তির ক্ষেত্রে একটি সাধারণ পরীক্ষা নেওয়া হবে। তবে সেটি এমনভাবে করা হবে যাতে অতিরিক্ত প্রতিযোগিতা বা চাপ সৃষ্টি না হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সহজ ও ন্যায্য একটি ভর্তি পদ্ধতি চালুর লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সংসদেও তিনি বিষয়টি উল্লেখ করেছেন এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতেও সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে প্রক্রিয়াটি চূড়ান্ত করবে।
লটারি পদ্ধতির সমালোচনা করে মন্ত্রী বলেন, অনেকটা জুয়া খেলার মতো এই ব্যবস্থা শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করার জন্যই নতুন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভর্তি পরীক্ষা ঘিরে কোচিং বাণিজ্যের আশঙ্কার বিষয়েও সতর্কতা জানিয়ে তিনি বলেন, কেউ যদি এই সুযোগে কোচিং বাণিজ্য শুরু করতে চায়, সরকার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় ইনহাউজ কোচিংয়ের উদ্যোগও নিতে পারে বলে জানান তিনি।

0 Comments