Ticker

6/recent/ticker-posts

খুলনার হোটেল কক্ষে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পাশে মিলল কীটনাশক

খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

খুলনা নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়ায় প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে খুলনা থানাধীন সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত জীবন কুন্ডু নগরীর লবনচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুন্ডুর ছেলে। খুলনা শহরের আক্তার চেম্বার এলাকায় তার একটি টেইলার্সের ব্যবসা রয়েছে। পারিবারিক বাসার পাশাপাশি তিনি মাঝে মধ্যে ওই হোটেলেও অবস্থান করতেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কক্ষের ভেতর থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post a Comment

0 Comments

×
×