চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উপকূলীয় এলাকা থেকে আটক করেছে পুলিশ। নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সাময়িকভাবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১২ জন পুরুষ, আট জন নারী এবং ১৭ জন শিশু রয়েছে। তারা নোয়াখালীর ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে সন্দ্বীপ উপকূলে পৌঁছায়।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গাদের উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে।
আটক রোহিঙ্গারা জানান, গত ৯ মার্চ এক দালালের মাধ্যমে জনপ্রতি পাঁচ হাজার টাকার চুক্তিতে তারা গাজী মাঝির একটি ট্রলারে ভাসানচর থেকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথে তিন দিন ভাসানচরের জঙ্গলে এবং দুই দিন ট্রলারে ঘুরিয়ে শেষে শুক্রবার রাত প্রায় ১০টার দিকে তাদের সন্দ্বীপ উপকূলে নামিয়ে দিয়ে ট্রলারটি চলে যায়।
তাদের অভিযোগ, ট্রলার থেকে নামিয়ে দেওয়ার সময় দালালচক্র রোহিঙ্গাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন কেড়ে নেয়।
পরে তারা হেঁটে সন্তোষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তাদের আটক করে।
ওসি নাজমুন নুর আরও জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় আটক রোহিঙ্গাদের সাময়িকভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আবার ভাসানচর আশ্রয়কেন্দ্রে ফেরত পাঠানো হবে।

0 Comments