ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে বলেও নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। প্রয়োজন হলে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

এ অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য রয়েছে ৮টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীর জন্য রয়েছে ৪৬০টি প্রশ্ন। এছাড়া সংসদীয় বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।