সরকার দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন এই প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে মাহফুজ উন নবী চৌধুরীকে এবং কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিজ নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, একই অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের জন্য তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।
এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

0 Comments