টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল হোসেন চকদারের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ওপর দোষারোপের প্রতিবাদে স্থানীয়ভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে গোবিন্দাসী বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে দায় চাপানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ১৭ মার্চ দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়নের নিকরাইলের কয়রা গ্রামে যান। সেখানে তার উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে উত্তেজিত জনতা তার ব্যবহৃত গাড়িতে অগ্নিসংযোগ করে। তবে ঘটনার পর তিনি বিএনপিকে দায়ী করে অভিযোগ করেন।
এ ঘটনার প্রতিবাদে ১৮ মার্চ সকালে গোবিন্দাসী ইউনিয়ন বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। এতে কৃষক, শ্রমিক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মিন্টু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুলাল হোসেন চকদার নিজের কর্মকাণ্ডের দায় এড়াতে বিএনপির ওপর মিথ্যা অভিযোগ চাপাচ্ছেন। তারা অবিলম্বে এ অভিযোগ প্রত্যাহারের দাবি জানান এবং ভবিষ্যতে এমন ‘রাজনৈতিক অপপ্রচার’ চালানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন, জনগণের ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে জড়ানো হচ্ছে, যা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

0 Comments