ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে বগুড়ার সান্তাহারে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সান্তাহার স্টেশন ত্যাগ করার কিছু সময় পরই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটির ছাদে বিপুল সংখ্যক যাত্রী অবস্থান করছিলেন। লাইনচ্যুত হওয়ার সময় তাদের অনেকেই ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুরের দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি শেষে পুনরায় ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়। এতে মোট ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। এদিকে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মেহেদী হাসান। উদ্ধার কাজ চলমান রয়েছে এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0 Comments