ঢাকা প্রতিনিধি (BNN)
রাজধানীতে ঈদুল ফিতরের নামাজ শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সরকারের প্রতি কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে।
শনিবার (২১ মার্চ) রাজধানীর বেরাইদ এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি, যা হতাশাজনক।
তিনি আরও বলেন, সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’কে অস্বীকার করা যাবে না। তার ভাষ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল সংবিধানের বাইরের বাস্তবতা থেকেই, তাই এ সনদের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য খুব অল্প সময় যথেষ্ট নয়। সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে সরকারের কিছু ইতিবাচক উদ্যোগের কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কয়েকটি কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হয়েছে, যা প্রশংসনীয়।
সংবিধান সংস্কার ইস্যুতে দ্রুত অগ্রগতি দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, অন্যথায় জনগণের দাবি আদায়ে বিরোধীদল আরও সক্রিয় ও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

0 Comments