কুমিল্লা প্রতিনিধি (BNN)
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে, তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মেইল ট্রেন পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি, ফলে ঘটনাস্থলেই ব্যাপক প্রাণহানি ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরাতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0 Comments