Ticker

6/recent/ticker-posts

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সম্পন্ন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অংশগ্রহণ


ঢাকা প্রতিনিধি (BNN)

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন।

ঈদের এ প্রধান জামাতে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা।

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আয়োজনের জন্য নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। মাঠজুড়ে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে।

এবারের জামাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাখা হয় পৃথক প্রবেশপথ, অযু ও নামাজের ব্যবস্থা। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়।

সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজারের বেশি নারী অংশ নেন। মুসল্লিদের জন্য পর্যাপ্ত অযুখানা এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়।

Post a Comment

0 Comments

×
×