Ticker

6/recent/ticker-posts

বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল, ঢাকাজুড়ে ১,৭৭১ জামাত অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি |  (BNN)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ধর্মীয় উৎসবের আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (২১ মার্চ) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। শহরের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে নামাজে অংশ নিতে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শিশুদের নতুন পোশাকে আনন্দঘন উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে নামাজ আদায়ের অনুভূতি বিশেষ তাৎপর্য বহন করে। অনেকেই প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, বায়তুল মোকাররমে এবারও মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে এসব জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মসজিদ ও ঈদগাহে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।

রাজধানীজুড়ে এবার ছোট-বড় মিলিয়ে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২১টি ঈদগাহ এবং ১ হাজার ৫৯৯টি মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহে ইমামতি করার কথা রয়েছে বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্যও পৃথক পর্দার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, ঈদকে কেন্দ্র করে রাজধানীর অনেক বাসিন্দা আগেই গ্রামের বাড়িতে চলে যাওয়ায় নগরীতে কিছুটা ফাঁকা ভাব লক্ষ্য করা গেছে। তবুও যারা ঢাকায় অবস্থান করছেন, তারা পরিবার-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। নতুন পোশাক, উপহার ও সেলামির মাধ্যমে ছোট-বড় সবাই উৎসবের আনন্দে মেতে উঠেছে।

এর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলায় শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। সংশ্লিষ্ট এলাকাগুলোতে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Post a Comment

0 Comments

×
×