ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরানের আত্মরক্ষামূলক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তেহরান তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, বেইজিং তা সমর্থন করে।
সোমবার (২ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোন আলাপে এ অবস্থান স্পষ্ট করেন ওয়াং ই। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে জানা যায়, আলোচনায় তিনি চীন-ইরান ঐতিহ্যগত বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টায় চীন পাশে রয়েছে। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং সমর্থন অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, উত্তেজনা আর না বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
একই দিনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গেও পৃথক ফোনালাপ করেন ওয়াং ই। সেখানে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়ে জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতি লঙ্ঘন করছে। তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা, শান্তি প্রচেষ্টা জোরদার এবং সংঘাত বন্ধে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।
এ ছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারোটের সঙ্গে আরেক দফা আলোচনায় ওয়াং ই সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আবারও শক্তির আধিপত্যনির্ভর ‘জঙ্গলের আইন’-এর ঝুঁকিতে পড়তে পারে। বড় শক্তিগুলো সামরিক শ্রেষ্ঠত্বের জোরে অন্য দেশের ওপর হামলা চালাতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক পথেই খুঁজে বের করতে হবে বলে জোর দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

0 Comments