Ticker

6/recent/ticker-posts

ইরানে স্থলবাহিনী পাঠাতে দ্বিধা নেই: ‘বড় আঘাত খুব শিগগিরই আসছে’ ট্রাম্প

ইরানে স্থলবাহিনী পাঠাতে দ্বিধা নেই: ‘বড় আঘাত খুব শিগগিরই আসছে’ ট্রাম্প
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

ইরানে প্রয়োজনে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখনও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেনি এবং “বড় আঘাত” সামনে আসছে।

সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর বিষয়ে তার কোনো জড়তা নেই। তিনি বলেন, অন্য প্রেসিডেন্টদের মতো তিনি আগেভাগে ঘোষণা দিতে চান না যে স্থলভাগে কোনো সৈন্য মোতায়েন করা হবে না। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্পের ভাষ্য, “সম্ভবত তাদের প্রয়োজন নেই। তবে যদি প্রয়োজন হয়, তাহলে পাঠানো হবে।” তিনি ইঙ্গিত দেন, বর্তমান অভিযান আরও বড় আকার ধারণ করতে পারে।

ইরানে সামরিক অভিযানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জনমত নিয়ে প্রশ্ন উঠলেও ট্রাম্প তা আমলে নিচ্ছেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ আমেরিকান ইরানে হামলার বিপক্ষে মত দিয়েছেন। তবে ট্রাম্প বলেন, জরিপের ফল ভালো বা খারাপ—এটি তার সিদ্ধান্তের ভিত্তি নয়। তার মতে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে তাকে “সঠিক কাজটাই” করতে হবে।

তিনি আরও বলেন, ইরান এমন কিছু মানুষের হাতে পরিচালিত হচ্ছে যাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা বিপজ্জনক। সেই প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপকে তিনি যৌক্তিক বলে উল্লেখ করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এখনও তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় সেই ঢেউ এখনও আসেনি। বড় আঘাত খুব শিগগিরই আসছে।” তিনি বর্তমান অভিযানকে বৃহত্তর সামরিক পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসেবে বর্ণনা করেন।

সংঘাতের সম্ভাব্য সময়কাল প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি চান না এটি দীর্ঘস্থায়ী হোক। তার ধারণা ছিল, অভিযান চার সপ্তাহের মধ্যে শেষ হবে এবং এখন নির্ধারিত সময়সূচির তুলনায় যুক্তরাষ্ট্র কিছুটা এগিয়ে রয়েছে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্তত ৪৯ জন নেতা নিহত হয়েছেন। একই সঙ্গে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলাকে তিনি চলমান যুদ্ধে বড় বিস্ময় হিসেবে উল্লেখ করেন।

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপের ইঙ্গিত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Post a Comment

0 Comments

×
×