ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহনকারী এ সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বিস্তৃত আলোচনা হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরটি রাজনৈতিক হলেও সম্প্রতি সই হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বাস্তবায়নকে অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।
সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক করবেন। একই দিনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, জ্বালানি সহযোগিতা এবং নিরাপত্তা অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্র বলছে, রাজনৈতিক বোঝাপড়া জোরদার করা, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি সফরের আলোচ্যসূচিতে রয়েছে। বিশেষ করে মিয়ানমারের পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপট নিয়ে আলোচনা হতে পারে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। নতুন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

0 Comments