Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশের সামনে পাকিস্তানের ২৭৫ রানের লক্ষ্য

সাদাকাতের ঝড়ে শুরু, আগা–রিজওয়ানের জুটিতে বড় সংগ্রহ: বাংলাদেশের সামনে পাকিস্তানের ২৭৪ রান


ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। তরুণ ওপেনার মাজ সাদাকাতের ঝড়ো সূচনা এবং পরে সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৭৪ রানে অলআউট হয় সফরকারীরা।

শুক্রবার (১৩ মার্চ) টস জিতে আগের ম্যাচের মতো এবারও আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনাররা।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তরুণ ওপেনার মাজ সাদাকাত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ইনিংসের ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে স্কুপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাদাকাত। ৪৬ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

এরপর দলীয় ১২১ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে ৪৬ বলে ৩১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। পরের ওভারে নাহিদ রানার শিকার হন শামিল হোসেন।

তবে এরপর চতুর্থ উইকেটে দলকে স্থিতিশীলতা দেন দুই অভিজ্ঞ ব্যাটার সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান। তারা ১১৫ বল মোকাবিলা করে ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ৬২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৪ রান করে রান আউট হন সালমান আগা। একই ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান, যিনি ৫৯ বলে ৪৪ রান করেন।

সেট দুই ব্যাটার ফিরে যাওয়ার পর পাকিস্তানের লোয়ার অর্ডার আর বড় কোনো জুটি গড়তে পারেনি। বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে দ্রুত উইকেট হারিয়ে গুটিয়ে যায় সফরকারীরা।

শেষ পর্যন্ত ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি ৯.৩ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

Post a Comment

0 Comments

×
×