ধর্মঘট এক সপ্তাহের জন্য স্থগিত, সচল চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
চট্টগ্রাম বন্দরে চলমান লাগাতার ধর্মঘট এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করায় সোমবার সকাল থেকে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে। কর্মবিরতি প্রত্যাহারের ফলে জাহাজ চলাচল ও পণ্য খালাস কার্যক্রমে ফিরেছে গতি, বন্দরে দেখা গেছে কর্মচাঞ্চল্য।
মধ্যরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনকারী সংগঠন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে পণ্য খালাসের স্বার্থে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চুক্তি হবে না—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর এ ঘোষণার পরিপ্রেক্ষিতেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি দ্রুত সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, গত সপ্তাহে দফায় দফায় কর্মবিরতি ও অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। জাহাজ আসা-যাওয়া বন্ধ থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এনসিটি ইজারা চুক্তি সইয়ের সম্ভাবনা নেই।
আন্দোলন চলাকালে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠক, বদলি আদেশ, আটক ও প্রশাসনিক পদক্ষেপ ঘিরে উত্তেজনা আরও বেড়েছিল। শেষ পর্যন্ত সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে সংগ্রাম পরিষদ সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

0 Comments