Ticker

6/recent/ticker-posts

কুমিল্লায় পুকুর সেঁচে র‍্যাবের অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি

কুমিল্লায় পুকুর সেঁচে র‍্যাবের অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি

কুমিল্লার সদর উপজেলার কটকবাজার গ্রামে ভোরবেলা অভিযান চালিয়ে একটি পুকুর সেঁচে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলবার, ওয়ান শুটারগান, গুলি এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

র‍্যাব-১১ সূত্র জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে সদর উপজেলার কটকবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুকুরের ভেতর থেকে দুটি সাদা বস্তায় মোড়ানো ও স্কচটেপে প্যাকেট করা অবস্থায় তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটারগান, বিপুল পরিমাণ দা, ছুরি, চাইনিজ কুড়াল এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, মঙ্গলবার ভোরবেলা থেকেই অস্ত্র উদ্ধারের অভিযান শুরু হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিকল্পিতভাবে পুকুরে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র পুকুরে ফেলে রাখা হতে পারে বলে র‍্যাব ধারণা করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments

×
×