Ticker

6/recent/ticker-posts

দু-এক দিনের মধ্যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ: প্রেস সচিব শফিকুল আলম

দু-এক দিনের মধ্যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ: প্রেস সচিব শফিকুল আলম
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, একজন বা দুজন ছাড়া প্রায় সব উপদেষ্টা ইতোমধ্যে তাদের সম্পদের বিবরণী জমা দিয়েছেন এবং এক থেকে দুই দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন প্রেস সচিব। তিনি বলেন, “আমি আবারও বলছি, আপনারা এটি পাবেন। আমার জানা মতে একজন বা দুজন বাদে সবাই সম্পদের স্টেটমেন্ট জমা দিয়েছেন। খুব শিগগিরই এটি পাবলিক করা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে কয়েক দফা সংযোজন ও বিয়োজনের মাধ্যমে বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী দ্রুত প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে এলেও এতদিন তা প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়।

বর্তমান অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ও ২১ জন উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আরও চারজন দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

Post a Comment

0 Comments

×
×