Ticker

6/recent/ticker-posts

নৈতিকতা ও ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

নৈতিকতা ও ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

নৈতিকতা, ন্যায়বিচার ও ঐক্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ভাষণে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন এবং দীর্ঘদিন ধরে চলে আসা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের সংগ্রাম। তিনি অভিযোগ করেন, যুগের পর যুগ ক্ষমতা কুক্ষিগত ছিল পরিবারতন্ত্র ও নির্দিষ্ট গোষ্ঠীর হাতে, যেখান থেকে মুক্তির আকাঙ্ক্ষাই এই পরিবর্তনের মূল প্রেরণা।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল এই পরিবর্তনের বিরোধিতা করছে। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে এবং মানুষের অধিকার হরণ করার সুযোগ থাকবে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবার থাকে না উল্লেখ করে তিনি বলেন, সেই সাহস দেখিয়েছেন আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা। তাদের আত্মত্যাগের পথ ধরেই নতুন প্রজন্ম আজ পরিবর্তনের জন্য প্রস্তুত।

জামায়াতের আমির আরও বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। এমন বাংলাদেশ যেখানে পারিবারিক পরিচয়ের ভিত্তিতে কেউ রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে বসতে পারবে না এবং রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের।

তিনি দেশের জনসংখ্যাকে সমস্যা নয় বরং আল্লাহর নেয়ামত ও বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান বলেন, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে নীতি ও নৈতিকতাভিত্তিক রাজনীতির বিকল্প নেই। নীতি, শৃঙ্খলা ও জবাবদিহিতা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন।

নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং সমাজের মূলধারার নেতৃত্বে সগৌরবে অংশ নেবেন। কর্পোরেট জগত থেকে রাজনীতি পর্যন্ত সব ক্ষেত্রে নারীদের মেধার মূল্যায়ন হবে বৈষম্যহীনভাবে এবং কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না।

শিক্ষা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, শিক্ষা হতে হবে নৈতিকতা ভিত্তিক ও প্রযুক্তিনির্ভর। বিশ্ব যখন টেকনোলজি বেইজড শিক্ষায় এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি জানান, তাদের লক্ষ্য হলো তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং বেকার ভাতার পরিবর্তে হাতে হাতে কাজ তুলে দেওয়া।

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়তে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রকৃত পরিবর্তন সম্ভব জামায়াতে ইসলামির হাত ধরেই।

Post a Comment

0 Comments

×
×