ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
একটি স্বনির্ভর ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে ও বিদেশে মিলিয়ে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মসংস্থান সৃষ্টিকে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে যারা নতুন পে-স্কেলের অপেক্ষায় রয়েছেন, বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে যথাসময়ে সেই পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।
নাগরিকদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, নাগরিকদের দুর্বল রেখে কোনো রাষ্ট্রই টেকসইভাবে শক্তিশালী হতে পারে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির একটি মৌলিক অঙ্গীকার।
বেকারত্ব নিরসনে দলের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, শিক্ষাব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনা হবে। বিশেষ করে ড্রপআউট শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলতে উচ্চ বিদ্যালয় পর্যায় থেকেই কারিগরি ও ব্যবহারিক শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে।
তারেক রহমান বলেন, এসব উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব হবে, যা দেশের অর্থনীতি ও উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করবে।

0 Comments