Ticker

6/recent/ticker-posts

অস্ত্রবিরতি’র মধ্যেই গাজায় প্রাণঘাতী ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৩

অস্ত্রবিরতি’র মধ্যেই গাজায় প্রাণঘাতী ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৩
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

তথাকথিত ‘অস্ত্রবিরতি’ কার্যকর থাকার মধ্যেই গাজা উপত্যকায় গত বছরের অক্টোবরে পর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি চালিয়েছে ইসরায়েল। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একাধিক শিশু রয়েছে।

চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির তুফফাহ ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ১১ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলায় আরও চারজন প্রাণ হারান।

এছাড়া আল-মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুইজন নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন ছিলেন জরুরি সেবাকর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি, যিনি আহতদের উদ্ধারকাজে নিয়োজিত ছিলেন।

খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, গাজা সিটিতে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই একাধিক আবাসিক ভবন সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘অস্ত্রবিরতি’ কার্যকর থাকার কথা থাকলেও এসব হামলার কারণে গাজার ফিলিস্তিনিরা কোনো স্বস্তি পাচ্ছেন না। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আকাশে ড্রোনের শব্দ আরও হামলার আশঙ্কা বাড়াচ্ছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর প্রতিক্রিয়াস্বরূপ বিমান হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘ইয়েলো লাইন’-এর কাছে নিয়মিত অভিযানের সময় ওই ঘটনা ঘটে। ‘ইয়েলো লাইন’ বলতে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা বোঝানো হয়।

প্রায় চার মাস আগে ‘অস্ত্রবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭১ হাজার ৮০৩ জনে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

Post a Comment

0 Comments

×
×