Ticker

6/recent/ticker-posts

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক: বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলম গ্রেপ্তার

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক: বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলম গ্রেপ্তার
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার ঘটনায় জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ পাওয়ায় বঙ্গভবনের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

ডিবি প্রধান আরও জানান, গ্রেপ্তার ছরওয়ারে আলমের ব্যবহৃত সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে করা সাধারণ ডায়েরি (জিডি) মামলার সঙ্গে মার্জ করা হয়েছে। তদন্তের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানান।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে সংশ্লিষ্ট পোস্টটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ওই পোস্ট প্রকাশ করা হয়েছে এবং এটি জামায়াত আমিরের বক্তব্য নয়।

Post a Comment

0 Comments

×
×