টাঙ্গাইল প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপির এমপি প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ভোটারদের কাছে উন্নয়ন ও অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়াত বিনতে সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আবু তালেব মিয়া, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মিজান সরকার, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসভায় বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, অতীতে বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের পর এলাকায় যে উন্নয়ন কাজ হয়েছিল, পরবর্তীতে তেমন অগ্রগতি চোখে পড়ে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে।
ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের দোয়া ও আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং রাজনীতিতে সক্রিয় থাকতে পেরেছেন। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0 Comments