ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডিএমপির ডিসি মাসুদসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে যমুনা এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সাংবাদিকদের জানান, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আন্দোলনকারীরাও রয়েছেন বলে জানা গেছে।
এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হন। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের স্থাপিত ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যান এবং বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না। বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট না হওয়াকে তারা অবিচার হিসেবে দেখছেন বলেও জানান আন্দোলনকারীরা।

0 Comments