ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
রাজধানীতে জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একপর্যায়ে কঠোর পদক্ষেপ নেয়, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। একাংশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং অপর অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। সম্ভাব্য সহিংসতা এড়াতে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ব্যারিকেড বসায়।
শুক্রবার যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে শহিদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন অংশ নেন। অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

0 Comments