নির্বাচনী প্রচারণায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, ভোটকে ‘পারফেক্ট’ করাই এখন প্রধান চ্যালেঞ্জ: ড. ইউনূস


ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

সারা দেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে এবং ভোট গ্রহণকে নিখুঁত করা এখন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণও লক্ষ্য করা যাচ্ছে না। এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট গ্রহণকে সর্বোচ্চ মানে পৌঁছানোই এখন মূল লক্ষ্য।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভোট হবে উৎসবমুখর। নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এবং মানুষ পরিবারসহ ভোটকেন্দ্রে অংশ নেবে। তাঁর প্রত্যাশা, এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

নির্বাচন নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে এই ক্যামেরা ব্যবহৃত হবে। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা রেন্ডমভাবে পাঁচটি স্থানে দায়িত্বে থাকা বডি ক্যামেরা বহনকারী সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তিনি আরও জানান, নির্বাচন সুরক্ষা অ্যাপ এখন পুরোপুরি চালু রয়েছে। এই অ্যাপটি শুধু নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো ভোটকেন্দ্রে বা তার আশপাশে বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে, ফলে দ্রুত হস্তক্ষেপ সম্ভব হবে।

প্রেস সচিব বলেন, দুর্গাপূজার সময় একই ধরনের একটি অ্যাপ ব্যবহৃত হয়েছিল, যেখানে ৩২ হাজার মণ্ডপকে এর আওতায় আনা হয়েছিল। সেই অভিজ্ঞতা অনুযায়ী, এই প্রযুক্তি কার্যকর ও পরীক্ষিত বলে সরকার আশাবাদী।