১১ দলীয় জোটই সরকার গঠন করবে চট্টগ্রামের জনসভায় অলি আহমদের দৃঢ় ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
১১ দলীয় জোটের ক্ষমতায় যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটই সরকার গঠন করবে এবং অন্য কোনো শক্তি তা পারবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেল মোড়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থনে আয়োজিত ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরো বক্তব্য তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উপস্থাপন করেন।
তিনি বলেন, সরকার গঠন হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জায়গা হবে কারাগার। একই সঙ্গে নারীর অধিকার নিয়ে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে অলি আহমদ বলেন, পোশাকের বিষয়ে নারীরা নিজেরাই সিদ্ধান্ত নেবেন; কোনো বাধ্যবাধকতা থাকবে না।
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম অনুযায়ী স্বাধীনভাবে চলবে। ইসলাম ধর্ম অনুসরণকারীরা কখনো অন্য ধর্মের ওপর আঘাত করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। তার দাবি, ১১ দলীয় জোট সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি এখন আর কার্যকর রাজনৈতিক শক্তি নয়। নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বিএনপি ছাড়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন এবং দলটির বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করেন।
দক্ষিণ চট্টগ্রামে যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা ছিল দৃশ্যমান। বর্তমান সময়ে উন্নয়নের বদলে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
জনসভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসমাঈল হক্কানী।

0 Comments