শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড: তদন্ত ও ন্যায়বিচারে জাতিসংঘের সহযোগিতা চাইল বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR)-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন আনুষ্ঠানিকভাবে OHCHR-এর কাছে নোট ভারবাল প্রেরণ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৬ ফেব্রুয়ারি পাঠানো ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়। এতে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রক্রিয়ায় সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, OHCHR থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

এদিকে, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা হবে বলে সরকার জানিয়েছে।