Ticker

6/recent/ticker-posts

নারীদের অবমাননা ও ভোটাধিকার হরণকারীরা দেশপ্রেমিক হতে পারে না

নারীদের অবমাননা ও ভোটাধিকার হরণকারীরা দেশপ্রেমিক হতে পারে না: খুলনায় তারেক রহমান

খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

খুলনায় নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যার আশ্রয় নেয় এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজই একমাত্র পথ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নগরীর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন। দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এই পুনর্গঠন করতে হবে। একটি শ্রেণিকে বাদ দিয়ে কখনো দেশ এগোনো সম্ভব নয়।

নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের প্রায় ২০ কোটি জনসংখ্যার অর্ধেকই নারী। এই বিশাল নারীসমাজকে পেছনে রেখে কোনো বড় পরিকল্পনাই সফল হতে পারে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল, যাতে তারা শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে পারে।

নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না বলে ঘোষণা দিয়েছে। সম্প্রতি ওই দলের এক নেতা কর্মজীবী মা-বোনদের উদ্দেশে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা পুরো দেশের জন্যই লজ্জাজনক। এটি শুধু নারীদের নয়, রাষ্ট্রের মর্যাদার প্রতিও আঘাত।

তিনি বলেন, দেশের লক্ষাধিক নারী পোশাকশিল্পে কাজ করে অর্থনীতির চাকা সচল রেখেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা স্বামীর পাশাপাশি কাজ করছেন। অথচ তাদেরই আজ অপমান করা হচ্ছে।

ইসলামের দৃষ্টান্ত টেনে তারেক রহমান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলে, তারা ভুলে যাচ্ছে—নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। নারীদের কর্মজীবনকে অবমাননা করার অধিকার কারও নেই।

তিনি অভিযোগ করেন, সমালোচনার মুখে পড়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল আইডি হ্যাক হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এভাবে আইডি হ্যাক হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে।

আসন্ন সাধারণ নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন উপলক্ষে আজ বিএনপি ও ধানের শীষের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫–১৬ বছরে বিএনপি বহু আন্দোলন ও সংগ্রাম করেছে। এ সময়ে দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী গায়েবি মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।

তিনি বলেন, টানা ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচন তো বটেই, স্থানীয় নির্বাচনেও জনগণ নিজেদের মতামত অনুযায়ী প্রতিনিধি বেছে নিতে পারেনি। কেউ কথা বলার চেষ্টা করলে তাকে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে, গুম কিংবা হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Post a Comment

0 Comments

×
×