Ticker

6/recent/ticker-posts

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে ফেব্রুয়ারিতে সব ধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার


ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন এই মূল্যহার আগামীকাল রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার মাসভিত্তিক মূল্য সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা প্রধানত কৃষি সেচ, পরিবহণ খাত এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জেনারেটরে ব্যবহার হয়।

বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল থেকে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের এই মূল্যহ্রাস পরিবহণ ব্যয় ও কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Post a Comment

0 Comments

×
×