Ticker

6/recent/ticker-posts

চৌদ্দগ্রামে জামায়াত আমিরের ঘোষণা: আধিপত্যবাদ নয়, মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য

চৌদ্দগ্রামে জামায়াত আমিরের ঘোষণা: আধিপত্যবাদ নয়, মানবিক বাংলাদেশ গড়াই লক্ষ্য


চৌদ্দগ্রাম প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে মানবিক বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়বিচার, সুশাসন ও তারুণ্যের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়া হবে।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত কোনো আধিপত্যবাদী বা ফ্যাসিবাদী শাসন চায় না, চায় না দুর্নীতিগ্রস্ত সরকার। লক্ষ্য একটাই—মানবিক বাংলাদেশ।

জামায়াত আমির বলেন, জনগণ যদি জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখা যাবে। এই প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগানো হবে কি না, সেটি চৌদ্দগ্রামবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে।

তারুণ্যের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ভবিষ্যতের বাংলাদেশ যুবসমাজের হাতে তুলে দিতে চায়। এর প্রমাণ হিসেবে তিনি জানান, দলটির মনোনয়নের ৬২ শতাংশ প্রার্থীই তরুণ, এবং যুব সংগঠনগুলো সক্রিয়ভাবে জামায়াতের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন সরকার গঠন করা হবে যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই ন্যায়বিচার পাবে। এমনকি যারা এ দেশে বসবাস করেও নাগরিক নন, তারাও ন্যায়বিচারের অধিকার থেকে বঞ্চিত হবেন না। বিচারিক কার্যক্রমে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করতে পারবে না—এ বিষয়টি নিশ্চিত করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জাতি, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি দেশের মানুষকে বহু বছর পিছিয়ে দিয়েছে। রাজনৈতিক দলমতের কারণে নির্যাতন, খুন ও গুমের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এবারের বন্দোবস্ত হবে জনগণের সেবার জন্য সরকার গঠনের। নির্বাচিত হলে জাতিকে আর বিভক্ত হতে দেওয়া হবে না।

নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এই নির্বাচন দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠবে, তা হবে তারুণ্যের ও ঐক্যের বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বী দলগুলোকেও তিনি আহ্বান জানান, দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার জন্য। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের অপরাধ, ব্যাংক ডাকাতি, চাঁদাবাজি বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না এবং বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, জুলাইকে সম্মান করেই এগিয়ে যেতে হবে এবং ১৮ কোটি মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শিক্ষা দিয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। ভালো শিক্ষা ছাড়া ভালো জাতি গড়া যায় না, তাই শিক্ষায় বড় ধরনের সংস্কার অনিবার্য।

জনসভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, আব্দুল হালিম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

Post a Comment

0 Comments

×
×