ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
দেশের এলপিজি বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, দেশের সিলিন্ডার গ্যাসের প্রায় ৯৮ শতাংশ ব্যবসা বেসরকারি খাতের নিয়ন্ত্রণে থাকায় এ ধরনের অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে এলপিজির দাম বাড়ানো হয়েছে। বিষয়টি সরকারের নজরে এসেছে এবং ইতোমধ্যে জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বিজ্ঞাপন
ফাওজুল কবির খান আরও বলেন, আন্তর্জাতিক কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় এলপিজি পরিবহনে সাময়িক জটিলতা তৈরি হয়েছে। তবে এই সমস্যার সমাধানে সরকার কাজ করছে এবং চলতি মাসে বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে, আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা বলেন, বিষয়টিকে ক্রিয়া–প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় দেখতে হবে। বাংলাদেশের খেলোয়াড়দের ডেকে নিয়ে প্রত্যাহার করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের এই প্রতিক্রিয়া বলিষ্ঠ ও যথাযথ। এতে ভারতও ভাবনায় পড়েছে বলে মন্তব্য করেন তিনি। ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য উদ্ধৃত করে ফাওজুল কবির খান বলেন, তিনিও মত দিয়েছেন যে ভারতের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি।
উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে খেলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়া সম্ভব হবে।

0 Comments