Ticker

6/recent/ticker-posts

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি, আজ আইসিসির সঙ্গে বৈঠক

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি, আজ আইসিসির সঙ্গে বৈঠক
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করে জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়। ভারতীয় উগ্রপন্থীদের দাবির মুখে হুট করেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় এই অবস্থান নিয়েছে বিসিবি।

বিসিবির এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের যেকোনো সময়ে অনলাইনে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি। এই বৈঠকে বাংলাদেশের অবস্থান, নিরাপত্তা ইস্যু এবং সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর স্বাভাবিকভাবেই নিরাপত্তা প্রসঙ্গটি সামনে এসেছে। বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে যদি পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে পুরো দল, কর্মকর্তা, স্টাফ, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদমাধ্যমকে বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে ক্রিকেট খেলা বাংলাদেশের জন্য নিরাপদ মনে হচ্ছে না। এই অবস্থান ইতোমধ্যেই আইসিসিকে জানানো হয়েছে।

অন্যদিকে, কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলকে বিশ্বকাপে ভারতে খেলতে রাজি করাতে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব দিতে পারে ভারত। আজকের আইসিসি-বিসিবি বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব এলেও ভারতে গিয়ে খেলতে রাজি নয় বাংলাদেশ।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, বিসিবির প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় আয়োজনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বাস্তবে এটি বাস্তবায়ন করা সহজ নয়। বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস বাকি থাকায় নতুন করে সূচি নির্ধারণ, সম্প্রচার ব্যবস্থা ও লজিস্টিকসসহ নানা বিষয়ে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে। গ্রুপ পর্বে ভারতের মাটিতে বাংলাদেশের চারটি ম্যাচ নির্ধারিত থাকায় সেগুলো সরাতে হলে প্রতিপক্ষ দলগুলোর সম্মতিও জরুরি।

আইসিসির সঙ্গে আজকের বৈঠকের পর পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এখন আইসিসির ফিরতি ই-মেইল পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বিসিবি।

Post a Comment

0 Comments

×
×