জকসু নির্বাচন শুরু, আধা ঘণ্টা বিলম্বে ভোটগ্রহণ
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন কয়েক দফা পিছিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও তা আধা ঘণ্টা বিলম্বে সকাল ৯টায় শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোট শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। তিনি বলেন, সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা থাকলেও কারিগরি প্রস্তুতির কারণে কিছুটা দেরিতে ভোট শুরু হয়। ভোটগ্রহণ শেষে ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে ফলাফল গণনা করা হবে।
উল্লেখ্য, এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় গত বছরের ৩০ ডিসেম্বর। ওই দিন নির্বাচন শুরুর ঠিক আগে ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারও জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
এবারের নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। পাশাপাশি একটি আংশিক প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

0 Comments