চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম গুলিতে নিহত
চট্টগ্রামের রাউজান উপজেলায় নিজ বাড়ির অদূরে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
নিহত ব্যক্তির নাম মুহাম্মদ জানে আলম সিকদার (৪৮)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের বাসিন্দা। জানে আলম রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট এলাকার সিকদার পাড়া গ্রামে নিজ বাড়ির অদূরে দাঁড়িয়ে ছিলেন জানে আলম। এ সময় মুখোশ পরা তিনজন যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিবর্ষণের পর তারা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে জানে আলমকে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জানে আলম রাউজান থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। একই আসনে বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)-কে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0 Comments