Ticker

6/recent/ticker-posts

খুলনার ছয় আসনে প্রার্থীদের প্রতীক চূড়ান্ত, শুরু নির্বাচনী দৌড়



খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

খুলনার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চূড়ান্ত করেছে নির্বাচন কর্তৃপক্ষ। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামলেন।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে সর্বাধিক সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় মোমবাতি, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন লাঙ্গল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কিশোর কুমার রায় কাস্তে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাঈদ হাতপাখা এবং জেএসডির প্রসেনজিৎ দত্ত তারা প্রতীক পেয়েছেন। বিএনপির আমির এজাজ খান পেয়েছেন ধানের শীষ। এ ছাড়া বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীর গোপাল রায় রকেট, বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মন্ডল দোয়াত কলম প্রতীকে নির্বাচন করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অচিন্ত্য কুমার মন্ডল ঘোড়া, গোবিন্দ হালদার কলস এবং গণঅধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান ট্রাক প্রতীক পেয়েছেন।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমানুল্লাহ হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও আড়ংঘাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল হাতপাখা, বিএনপির রকিবুল ইসলাম ধানের শীষ এবং জামায়াতে ইসলামীর মোহাম্মাদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মুরাদ খান লিটন ঘুড়ি, মঈন মোহাম্মাদ মায়াজ ফুটবল, আবুল হাসানাত সিদ্দিক জাহাজ ও এস এম আরিফুর রহমান মিঠু হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া বাসদের জনার্দন দত্ত মই, এনডিএমের শেখ আরমান হোসেন সিংহ এবং জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন লাঙ্গল প্রতীক পেয়েছেন।

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ হাতপাখা, বিএনপির এস কে আজিজুল বারী ধানের শীষ, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন দেয়াল ঘড়ি এবং স্বতন্ত্র এস এম আজমল হোসেন ফুটবল প্রতীকে নির্বাচন করবেন।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা, বিএনপির মোহাম্মাদ আলী আসগার ধানের শীষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির চিত্ত রঞ্জন গোলদার কাস্তে এবং জাতীয় পার্টির শামিম আরা পারভীন ইয়াসমীন লাঙ্গল প্রতীক পেয়েছেন।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা, বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল ফকির হাতপাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির প্রশান্ত কুমার মন্ডল কাস্তে এবং জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে খুলনার ছয়টি আসনেই ভোটের চিত্র স্পষ্ট হয়েছে। আগামী দিনে প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা ঘিরে নির্বাচনী মাঠ আরও সরব হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।



Post a Comment

0 Comments

×
×