Ticker

6/recent/ticker-posts

ফাইনালে চট্টগ্রামকে উড়িয়ে দিল ওয়ারিয়র্স

তানজিদ তামিমের সেঞ্চুরিতে রাজশাহীর শিরোপা, ফাইনালে চট্টগ্রামকে উড়িয়ে দিল ওয়ারিয়র্স
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ব্যাট ও বল—দুই বিভাগেই পূর্ণ নিয়ন্ত্রণ দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাটিং করে ১৭৫ রান তোলার পর চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে রাজশাহী।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের শুরু থেকেই চট্টগ্রাম ছিল চাপে। স্লো পিচে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করা যে কঠিন হবে, সেটি পাওয়ার প্লেতেই স্পষ্ট হয়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চট্টগ্রাম শেষ পর্যন্ত অলআউট হয় ১১১ রানে।

চট্টগ্রামের হয়ে ওপেনার নাঈম শেখ ১০ বলে ৯ রান করে ফিরেন। অপর ওপেনার মির্জা বেগ দীর্ঘ সময় ক্রিজে থাকলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ৩৬ বলে ৩৯ রান করে আউট হন এবং তিনিই ছিলেন চট্টগ্রামের সর্বোচ্চ স্কোরার। মাঝের সারিতে একমাত্র কিছুটা প্রতিরোধ গড়েন আসিফ আলী। সাত নম্বরে নেমে ১৭ বলে ২১ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।

রাজশাহীর বোলিংয়ে মূল নায়ক ছিলেন শ্রীলঙ্কান পেসার বিনুরা ফের্নান্দো। তিনি ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। হাসান মুরাদ ৪ ওভারে ১৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। জেমি নিশাম নেন ২ উইকেট, দেন ২৪ রান।

এর আগে টস জিতে চট্টগ্রাম রয়্যালস বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মিরপুরের পিচে রান তোলা সহজ না হলেও রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দেন। পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান ৩০ বলে ৩০ রান করে ফিরলেও অন্য প্রান্তে তানজিদ ছিলেন অপ্রতিরোধ্য। ওপেনিং জুটিতে আসে ৮৩ রান।

তিন নম্বরে নেমে কেন উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে দ্রুত আউট হলেও ইনিংসের গতি কমেনি। তানজিদ ১৯তম ওভারের পঞ্চম বলে ঠিক ১০০ রান করে আউট হন। ৬২ বলের ইনিংসে তিনি মারেন ৬টি চার ও ৭টি ছয়। শেষ দিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭ বলে অপরাজিত ১১ রান করেন। রাজশাহীর ইনিংস থামে ১৭৫ রানে।

চট্টগ্রামের হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নিলেও অধিনায়ক শেখ মাহেদি এবং পাকিস্তানি পেসার আমির জামিল ছিলেন ব্যয়বহুল। আমির জামিল ৪ ওভারে ৪৩ রান দেন, আর শেখ মাহেদি দেন ৪৮ রান, কেউই উইকেট পাননি।

২০২০ সালের পর আবারও বিপিএল শিরোপা জিতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি প্রমাণ করল, ফাইনালে চাপ সামলানো ও বড় ম্যাচের পারফরম্যান্সেই তারা এগিয়ে। তানজিদ তামিমের সেঞ্চুরি আর বিনুরা ফের্নান্দোর বিধ্বংসী বোলিংয়ে এবারের বিপিএল ফাইনাল হয়ে থাকল পুরোপুরি রাজশাহী ওয়ারিয়র্সের।

Post a Comment

0 Comments

×
×