ধর্মের নামে রাজনীতি করলে দেশ এগোয় না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি কালেশ্বরগাও গুচ্ছো গ্রামে নির্বাচনি জনসংযোগকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করেন এবং রাষ্ট্র পরিচালনায় সমতার নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, একটি দল ধর্মের নামে মুনাফেকি করছে এবং ভোটের বিনিময়ে বেহেশতের প্রলোভন দেখাচ্ছে। ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যেত, তাহলে সবাই আগেই সেখানে চলে যেত বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সব নাগরিকের অধিকার সমান। কোনো ধর্মের ভিত্তিতে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় ভেদাভেদ করা যাবে না। তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের উদ্যোগ বিএনপিই নিয়েছিল।
বিএনপি ক্ষমতায় এলে সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বড় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, এক কোটি মানুষের জন্য চাকরির ব্যবস্থা, পরিবারভিত্তিক কার্ড প্রদান এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।
তিনি আরও বলেন, এই অঞ্চলে প্রথম গভীর নলকূপ স্থাপনের উদ্যোগও বিএনপির ছিল, যা বরেন্দ্র নামে পরিচিত। সেই বরেন্দ্রর পানির ওপর নির্ভর করেই আজ কৃষকেরা ফসল উৎপাদন করছেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Comments