Ticker

6/recent/ticker-posts

বিসিবির সব দায়িত্ব ছাড়লেন পরিচালক মোখলেসুর রহমান শামীম

বিপিএল ফাইনালের মাঝেই বিসিবির সব দায়িত্ব ছাড়লেন পরিচালক মোখলেসুর রহমান শামীম
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

সাম্প্রতিক ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান শামীম স্বেচ্ছায় তার সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল চলাকালীন এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে মোখলেসুর রহমান শামীম বিসিবির পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানসহ সব পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। অভিযোগের একটি স্বাধীন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে শামীম বলেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যাতে কোনো ধরনের প্রভাব ছাড়াই তদন্ত কার্যক্রম পরিচালিত হতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এই অব্যাহতি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও বিসিবির মর্যাদা রক্ষার প্রতি তার দায়বদ্ধতার প্রকাশ।

ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটি কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে বলে তিনি বিশ্বাস করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকবেন।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ করে মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন। ওই ভিডিওতে একাধিক কল রেকর্ড উপস্থাপন করা হয়, যেখানে বিপিএলের ম্যাচ গড়াপেটার সঙ্গে তার সংশ্লিষ্টতার আলামত রয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, এবারের বিপিএলে সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে শামীম জড়িত ছিলেন। প্রতিবেদনে দাবি করা হয়, সিলেটের নূরজাহান হোটেলে সংশ্লিষ্টদের একত্র করে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত পরিকল্পনা, আর্থিক লেনদেন ও সমন্বয়ের কাজ তিনি নিজেই নিয়ন্ত্রণ করতেন। কে কোথায় থাকবে, কে কাকে কত টাকা দেবে এসব বিষয়ে কল রেকর্ডও প্রকাশ করা হয়।

নোয়াখালী এক্সপ্রেস দলের সঙ্গে যুক্ত তৌহিদ হোসেন ও ইমরান হাসানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বিসিবির নির্দেশে তাদের দল থেকে সরিয়ে দেওয়া হলেও অভিযোগ রয়েছে, শামীম অন্য ব্যক্তিদের মাধ্যমে নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছিলেন।

সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে পরিচালক নির্বাচিত হন মোখলেসুর রহমান শামীম। পরে তিনি বিসিবির গুরুত্বপূর্ণ অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। চলতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্বে ষষ্ঠ স্থানে থেকে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

Post a Comment

0 Comments

×
×