গাইবান্ধা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল কারো হুমকি বা চোখরাঙানিকে ভয় করে না এবং দেশের ওপর কোনো ধরনের খবরদারি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার সুযোগ পেলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং জনগণকে ভাতা নয়, কাজের সুযোগ করে দেবে।
শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।”
উত্তরাঞ্চলের নদীগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নদীগুলোকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। জনগণের সমর্থন ও আল্লাহর রহমতে সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর প্রাণ ফিরিয়ে আনা হবে। তাঁর ভাষায়, নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকাও নতুন গতি পাবে।
জামায়াত আমির আরও বলেন, তাঁর দল সমাজ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে অঙ্গীকারবদ্ধ। “আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব। আপনাদের কাজের মাধ্যমে সম্পদে পরিণত করতে চাই,” বলেন তিনি। পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মায়েদের নিরাপত্তা রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এসব আসনে জোটের পক্ষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক হস্তান্তরের সময় তিনি বলেন, “এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারা আমাদের উপহার দেবেন।”

0 Comments