Ticker

6/recent/ticker-posts

নির্বাচনের আগে মানুষ ঠকানো ও শিরকে প্ররোচনার অভিযোগ তারেক রহমানের

নির্বাচনের আগে মানুষ ঠকানো ও শিরকে প্ররোচনার অভিযোগ তারেক রহমানের

সিলেট প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে একটি দল মানুষকে প্রতারণা করছে এবং মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, যারা এখন এসব করছে, তারা নির্বাচনের পর কীভাবে মানুষকে ঠকাবে, তা সহজেই অনুমেয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়টি সামনে এনে প্রতিপক্ষের সমালোচনা করেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে কিছু দল নানা প্রতিশ্রুতি দিয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, যারা ওমরা বা হজ করেছেন তারা হাত তুলতে। এরপর একজন হজ পালনকারীকে মঞ্চে ডেকে এনে কাবা শরিফ, দুনিয়া, সূর্য-নক্ষত্র এবং বেহেশতের মালিক কে—এমন প্রশ্ন করেন। উত্তরে ওই ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করলে তারেক রহমান বলেন, যার মালিক আল্লাহ, তা দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই।

বিএনপি চেয়ারম্যানের ভাষ্য, যেটার মালিক মানুষ নয়, সেটি দেওয়ার কথা বলা মানেই মানুষকে বিভ্রান্ত করা। তিনি বলেন, নির্বাচনের আগেই মানুষকে ঠকানো হচ্ছে, আর এর মাধ্যমে মুসলমানদের শিরকের পথে ঠেলে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তব্যের একপর্যায়ে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই সময় কিছু শক্তির ভূমিকার কারণে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এবং মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

তারেক রহমান আরও বলেন, মিথ্যা ও হঠকারিতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার দাবি, দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম জোরদার করতে হবে।

Post a Comment

0 Comments

×
×