খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
খুলনা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, চলমান নির্বাচনে এখনো সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। আচরণবিধি প্রয়োগে পক্ষপাতমূলক অবস্থান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, কোনো কোনো প্রার্থী আচরণবিধি মেনে সীমিত আকারে গণসংযোগে গেলেই অভিযোগের মুখে পড়ছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সতর্কবার্তা পাচ্ছেন।
বিপরীতে, কিছু প্রার্থী শত শত মানুষের সমাগম ঘটিয়ে প্রকাশ্যে সভা করছেন, আলোকসজ্জা ব্যবহার করছেন, খাবার বিতরণসহ নিজ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনায় কোনো মনিটরিং, শোকজ বা দৃশ্যমান তদারকি নেই বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চাই, আমাদের প্রতি যেন কোনো অবিচার করা না হয়। আজ থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা সুবিচার প্রত্যাশা করি।
নির্বাচনী আচরণবিধি প্রয়োগে সমতার অভাব তুলে ধরে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, চোখের চোখটা সমান হওয়া দরকার। প্রকাশ্যে সমাবেশ, প্রতীক প্রদর্শন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি প্রচার করেও অনেক প্রার্থী কোনো ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না, যা উদ্বেগজনক।
সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, সৎ ও দুর্নীতিমুক্ত মানুষ নির্বাচিত হলে যাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, তারা কেন্দ্র দখল, হামলা বা ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, বিস্তীর্ণ এলাকায় বহু প্রার্থীকে মনিটর করা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা হচ্ছে। কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং গণমাধ্যম ও পর্যবেক্ষণ ব্যবস্থার কারণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।

0 Comments